কুষ্টিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০৯:০৯ এএম

কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন এক গৃহবধূ। মঙ্গলবার সন্ধ্যায় মামলাটি করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। 

এজাহার সূত্রে জানা যায়, এক মাস আগে স্বামীর অনুপস্থিতির সুযোগে শ্বশুর বাবুল জোয়ার্দার ওই গৃহবধূকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না বলার জন্য হুমকিও দেন। রাতে গৃহবধূর স্বামী বাড়িতে আসলে স্বামীকে সব খুলে বলেন তিনি।

কিন্তু স্বামী স্ত্রীর অভিযোগকে বিশ্বাস না করে এমন অভিযোগ দেয়ার জন্য উল্টো স্ত্রীকে নির্যাতন করেন।

এভাবে গত এক মাসে একাধিক বার ধর্ষণ করেন তার শ্বশুর। শাশুড়ি নাসিমা সবকিছু জেনেও কোনো প্রতিকার বা বাধার সৃষ্টি করেননি; উল্টো বিষয়টি বাইরে কাউকে না বলার জন্য মারধর করে হুমকি দিতেন।

গত রবিবার সকালে স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেলে শ্বশুর এসে হাজির হন গৃহবধূর ঘরে। এ সময় কৌশলে ওই গৃহবধূ তার স্বামীকে মোবাইলে কল করে জানান বিষয়টি।

স্ত্রীর কল পেয়ে স্বামী দ্রুত বাড়ি এসে নিজ ঘরের খাটের নিচে ঢুকে লুকিয়ে থাকেন।

ওই গৃহবধূর মায়ের অভিযোগ, গত রবিবার সকালে ঘটে যাওয়া ঘটনার চাক্ষুষ সাক্ষী গৃহবধূর স্বামী। কিন্তু মামলা করার প্রস্তাবে স্বামী রাজি না হয়ে উল্টো স্ত্রীকে মারধর করে বিষয়টি চেপে যাওয়ার জন্য। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন গৃহবধূকে উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে আসেন মামলা করতে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় গৃহবধূকে ধর্ষণ অভিযোগে বাবুল জোয়ার্দারকে এজাহার নামীয় আসামি করে মামলা হয়েছে। গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামি ধরতে পুলিশি অভিযান চলছে।   

তবে এ বিষয়ে শ্বশুর বাবুল জোয়ার্দারের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত