সময়মতো জ্বলে উঠবেন তামিম-মুশফিকরা, আশা হাবিবুলের

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০৭:৫০ পিএম

বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রথম দুই ম্যাচে হতাশ করেছেন ব্যাটসম্যানরা। বোলাররা নজর কাড়লেও তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের ব্যর্থতা বেশ ভালোভাবেই চোখে লাগছে। তবে বিষয়টি নিয়ে চিন্তিত নন নির্বাচকেরা।

জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশারের আশা সময় মতো জ্বলে উঠবেন তামিমরা।

এখন পর্যন্ত যে দুটি ম্যাচ হয়েছে, দুটিই ছিল লো-স্কোরিং। প্রথম ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে আগে ব্যাট করে ১৯৬ রানেই গুটিয়ে যায় মাহমুদউল্লাহ একাদশ। লক্ষ্য তাড়া করতে নাজমুল একাদশও বেশ চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত অবশ্য জয় পায় ৪ উইকেটে। দলটির পক্ষে তৌহিদ হৃদয় ৫২ ও ইরফান শুক্কুর অপরাজিত ৫৬ রান করেন।

এর আগে মাহমুদউল্লাহ তার দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছিলেন। ৪০ রান আসে ইমরুলের ব্যাট থেকে। এই দুজনই মঙ্গলবার আসরের দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হয়েছেন তামিম, মিঠুন, মোসাদ্দেক, লিটনরাও।

সব মিলেই দর্শকদের মধ্যে রয়েছে হতাশা। তবে হাবিবুল বাশার সাংবাদিকদের বলেন, ‘মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহরা প্রমাণিত খেলোয়াড়। এদের পারফরম্যান্স নিয়ে চিন্তার কিছু নেই। সময়মতোই ওরা ভালো খেলবে। যত ম্যাচ হতে থাকবে, ব্যাটসম্যানরা তত ছন্দে ফিরবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত