যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এম পি বলেছেন, ক্রীড়াঙ্গনে ময়মনসিংহ একটি সমৃদ্ধ অঞ্চল। এখানকার খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। তাই এ অঞ্চলের ছেলে মেয়েদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ও সার্বিক ক্রীড়ার মান উন্নয়নে ময়মনসিংহে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
তিনি বলেন, ঢাকার পর এটি হবে বিকেএসপির সর্ববৃহৎ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র।
প্রতিমন্ত্রী বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ শুটিং কমপ্লেক্স ভবনে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নবনির্মিত শুটিং রেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা অচিরেই ময়মনসিংহ বিকেএসপির অবকাঠামো নির্মাণের কাজ শুরু করব। এ লক্ষ্যে আমরা কাজ অনেক দূর এগিয়ে নিয়ে এসেছি। আজই আমরা বিকেএসপির জন্য প্রস্তাবিত কিছু জায়গা পরিদর্শন করেছি। অতি অল্প সময়ের মধ্যেই জমি অধিগ্রহণের কাজ শুরু হবে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নবগঠিত ময়মনসিংহ বিভাগের প্রতি বিশেষ নজর রয়েছে। তাই ময়মনসিংহকে খেলাধুলার তীর্থ ভূমি হিসেবে গড়ে তোলা হবে। তিনি ময়মনসিংহ বিভাগে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ এবং ধাপে ধাপে সকল দাবি পূরণের আশ্বাস প্রদান করেন।
এ সময়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নবনির্মিত শুটিং রেঞ্জের উদ্বোধন ঘোষণা করেন । এর পূর্বে তিনি ময়মনসিংহ বিকেএসপির জন্য প্রস্তাবিত বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
