নারী চিকিৎসকের দাবিতে হাকিমপুরে স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০৮:০৯ পিএম

দিনাজপুরের হাকিমপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কিছুদিন ধরে নারী চিকিৎসক না থাকায় চিকিৎসা সেবা বঞ্চিত হওয়ায় হাসপাতালে নারী চিকিৎসকের দাবিতে হাসপাতাল ঘেরাও করেন উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা নারী রোগীরা।

শনিবার দুপুরে হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নেয় নারীরা। এ সময় তারা নারী চিকিৎসক পোষ্টিং না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণার পরে পৌর মেয়র উপস্থিত হয়ে আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে।

হাসপাতালে আসা নাজমা বেগম ও মেহেরুন আকতার জানান, পুরো হাকিমপুর উপজেলায় কোন ধরনের ক্লিনিক নেই । একমাত্র সরকারি হাসপাতালই চিকিৎসা সেবার মূল আশ্রয়স্থল। একই সঙ্গে আশপাশের অনেক মানুষ এখানেই চিকিৎসাসেবা গ্রহণ করেন। কিন্তু আজ ৫মাসের মতো বেশি সময় ধরে হাসপাতালে মাত্র একজন নারী চিকিৎসক থাকলেও তিনি অন্যত্র চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময়ে নারীরা বিভিন্ন অসুখের জন্য হাসপাতালে আসলেও পুরুষ চিকিৎসক হওয়ার কারণে আমাদের সব ধরনের সমস্যার কথা বলতে পারেন না। তাই হাসপাতালে  যাতে একজন নারী চিকিৎসক দেওয়া হয়, সে কারণে আজকে হাসপাতাল ঘেরাও ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছি। 

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, হাসপাতালে নারী চিকিৎসকের দাবিতে বিভিন্ন এলাকা থেকে নারীরা জড়ো হয়ে হাসপাতাল ঘেরাও করেছেন এমন খবর পেয়ে সেখানে উপস্থিত হই। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে এমন আশ্বাস তাদের দেওয়া হয়।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.তৌহিদ আল হাসান বিষয়টি  নিশ্চিত করে জানান, হাসপাতালে ৯ জন চিকিৎসকের পদ রয়েছে ৪ জন। এদের মধ্যে একজন নারী চিকিৎসক থাকলেও করোনার কারণে এট্যাচমেন্টে তাকে অন্যত্র চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এদিকে একজন মাত্র নারী চিকিৎসক পদায়ন থাকলেও তিনি না থাকায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারী রোগীরা তাদের কথাগুলো পুরুষ চিকিৎসকদের বলতে পারছেন না যার কারণে তারা তাদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, আশা করছি কর্তৃপক্ষ এ বিষয়ে অচিরেই ব্যবস্থা গ্রহণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত