কক্সবাজারের কলাতলী সুগন্ধা পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় ব্যবসায়ী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এতে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনির উল গীয়াস, যমুনা টিভির কক্সবাজার প্রতিনিধি নুরুল করিম রাসেল, সাংবাদিক ইকবাল বাহার চৌধুরীসহ অন্তত ১০ জন আহত হন। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও কক্সবাজার পৌরসভা যৌথভাবে অভিযান পরিচালনা করে। ১ অক্টোবর আপিল বিভাগ কক্সবাজার কলাতলী এলাকায় সৈকত সংলগ্ন ৫২ দোকান উচ্ছেদের আদেশ দেয়।
অভিযানে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ, কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মোক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পংকজ বড়ুয়া, কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনির উল গীয়াস।
তবে উচ্ছেদ শুরুর সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুড়তে থাকে। তাদের থামাতে ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পুলিশ।
প্রায় আধা ঘণ্টাব্যাপী উভয়পক্ষে সংঘর্ষ চলমান ছিল। পুলিশের শক্ত অবস্থান ও প্রতিরোধের মুখে বিক্ষোভকারী দোকানদাররা পিছু হটে।
