ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাসপাতাল মোড়ে একই এলাকায় দুই পক্ষ কর্মসূচি দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রবিবার বেলা ১০টা থেকে শুরু হ্ওয়া এ ১৪৪ ধারা বিকেল ৫টা পর্যন্ত বলবৎ থাকবে।
এদিকে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।
রবিবার নিক্সন চৌধুরীর আইনজীবীরা বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনটি জমা দেন। আগামী মঙ্গলবার জামিন আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁন জানান, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন পক্ষের সমর্থিতরা হাসপাতাল মোড় এলাকায় কর্মসূচি দেন। একই এলাকায় মুক্তিযোদ্ধা মঞ্চ নামের একটি সংগঠনও কর্মসূচি দেয়ায় পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাসপাতাল মোড় ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে সংসদ সদস্য নিক্সন চৌধুরী জেলা প্রশাসকের সঙ্গে অশোভন আচরণ করেন এবং চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে প্রকাশের অনুপযোগী ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন করেন ও হুমকি দেন বলে অভিযোগ ওঠে।
ওই ঘটনায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বাদী হয়ে সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন।
