সকল প্রতিষ্ঠানের নামফলক বাংলা করার দাবি বাপ্রপ্র’র

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০৭:০৯ পিএম

মুজিব বর্ষ শেষ হওয়ার আগেই ঢাকা মহানগরের সকল প্রতিষ্ঠানের নামফলক বাংলা করার দাবি জানিয়েছে বাংলা প্রচলন প্রয়াস (বাপ্রপ্র)। এ উপলক্ষে আগামী ৩১ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বাংলা ভাষা নিয়ে সচেতনতায় এদিন প্রচারপত্র বিলি করা হবে।

বাপ্রপ্র’র প্রধান সমন্বয়ক আলমগীর রুমি বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানের ইংরেজিতে লেখা নামফলকগুলোর উপরে বড় করে বাংলাভাষায় নাম ফলক লেখা, বিভিন্ন যানবাহনের গায়ে ইংরেজি পরিচিতির উপরে বাংলাভাষায় পরিচিতি লেখার দাবি জানাচ্ছি আমরা।’

তিনি আরও বলেন, ‘নামফলকে বাংলা ভাষার প্রাধান্য আনতে ঢাকা মহানগরের দুই সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি। আইন ও আদালতের নির্দেশ অমান্য করে যারা নাম ফলকে বা পরিচিতিতে শুধু মাত্র ইংরেজির ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে পুলিশ কর্তৃপক্ষের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের আশা করছি।’

বাপ্রপ্র জানায়, ১৯৮৭ সালের ৮ মার্চ বাংলাভাষা প্রচলন আইন পাশ হয়। এই আইনে বলা হয়েছে, এই আইন প্রবর্তনের পর বাংলাদেশের সর্বত্র তথা সরকারি অফিস, আদালত, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যতীত সকল ক্ষেত্রে নথি, চিঠিপত্র, আইন আদালতে সওয়াল জবাব, অন্যান্য আইনানুগত কার্যাবলি অবশ্যই বাংলায় লিখতে হবে এবং কোনো ব্যক্তি বাংলা ব্যতীত অন্য কোনো ভাষায় আবেদন বা আপিল করলে সে আবেদন বেআইনি ও অকার্যকর বলে গণ্য হবে।

আইনে আরও বলা আছে, যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী এই আইন অমান্য করেন তবে তা সরকারি কর্মচারি শৃঙ্খলা ও আপিল বিধির অধীনে অসদাচরণ করেছেন বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে সরকারি কর্মচারি শৃঙ্খলা ও আপিল বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটাও টনক নাড়াতে পারেনি ক্ষুদ্র কিন্তু শক্তিশালী বাংলাভাষা বিরোধী মহলের। এই আইন অমান্য করার দায়ে কারো সাজা পর্যন্ত হয়নি।

আইন কমিশন ২০১১ সালের ৯ ফেব্রুয়ারি ১৯৮৭ সালের বাংলা ভাষা প্রচলন আইনের প্রয়োগের জন্য সুপারিশ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। কিন্তু কোনো কাজ হয়নি। ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭ অনুযায়ী অফিস আদালত, গণমাধ্যমসহ সর্বত্র বাংলাভাষা ব্যবহারের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে রুল জারি করেন।

পাশাপাশি দূতাবাস ও বিদেশে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ছাড়া দেশের সব সাইনবোর্ড, নামফলক ও গাড়ির নম্বর প্লেটে, বিলবোর্ডে, ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপনে বাংলা প্রচলনের নির্দেশ দেয়া হয়। কেউ এটা মানেনি।

এই নির্দেশের ৩মাস পর ২০১৪ সালের ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ডগুলোকে আদেশটি কার্যকর করতে বলেন। কিন্তু এতেও সাড়া পড়েনি। ফলে ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এক চিঠির মাধ্যমে সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট এ বাংলাভাষার ব্যবহার নিশ্চিত করার জন্য অনুরোধ জানায়।

মন্ত্রণালয়ের এ চিঠির পরেও নামফলকে বাংলা নাম লেখা বাস্তবায়ন হয়নি বললেই চলে। এ প্রসঙ্গে আলমগীর রুমি বলেন, ‘যতদিন রাষ্ট্রের সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন না হবে ততদিন আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত