মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান নামে এক ইলেকট্রনিকস শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলা চত্বরে আনছার ভিডিপির নতুন ভবনের ছাদের উপর পানির ট্যাংকির কাজ করার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
ইমরান বরিশাল সদর উপজেলার রায়পাশার করমজা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
বিষয়টি সাটুরিয়া ৫০ শয্যা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদ নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাটুরিয়া উপজেলা চত্বরে সাটুরিয়া আনসার ভিডিপির নতুন ভবনের কাজ চলছে। ওই নতুন ভবনের উপর দিয়ে গেছে ১১ হাজার কেভির বিদ্যুৎ লাইন।
বুধবার সকালে পানির ট্যাংকি বসানোর সময় বিদ্যুৎ লাইনের তার জড়িয়ে পড়লে শ্রমিক ইমরানের মুখ ও শরীর পুড়ে যায়। স্থানীয় ও সহযোগীরা তাকে দ্রুত সাটুরিয়া হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকর্মী শ্রমিক আতিক বলেন, কাজ করার আগে ওই ১১ হাজার বিদ্যুৎ লাইনটি সরিয়ে নেওয়ার জন্য ঠিকাদার ও সংশ্লিষ্ট অফিসকে জানিয়েছিলাম। পল্লী বিদ্যুৎ অফিস লাইনটি অপসরণ করে নিলে আজ এমন দুর্ঘটনা ঘটত না।
সাটুরিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসার ডি জি এম মো. ওবায়দুল্লাহ বলেন, ভবন নির্মাণের সময় লাইনটি সরানোর একটি আবেদন করা হয়েছিল। লাইন সরানোর যে খরচ লাগে তা ঠিকাদার প্রতিষ্ঠান পরিশোধ না করায় লাইনটি সরানো হয়নি।
সাটুরিয়া আনসার কর্মকর্তা মেহেনাজ জান্নাত জানান, শ্রমিক মারা যাওয়ার খবরটি মানিকগঞ্জ জেলা আনসার কর্মকর্তাকে অবগত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদার এবং পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে ডাকা হয়েছে। তিন প্রতিষ্ঠানের কাছ থেকে জেনে যার অপরাধ হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
