গোয়ালন্দ মোড়ে নদী পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘলাইন

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০৩:০১ পিএম

দৌলতদিয়া ঘাটে যানজট ও গাড়ির চাপ কমাতে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় আটকে রাখা হচ্ছে ঢাকাগামী শতাধিক পণ্যবাহী গাড়ি।

তবে এর ফলে মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক-সহকারীদের।

বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আল্লাদীপুর পর্যন্ত সড়কের এক পাশে সারিবদ্ধভাবে পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন।

প্রায় চার কিলোমিটার লম্বা এই লাইন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ঢাকামুখী এসব গাড়ি দৌলতদিয়া ঘাট দিয়ে নদী পার হওয়ার অপেক্ষা করছে।

তবে অভিযোগ রয়েছে, দীর্ঘ লাইনে আটকে থাকা অনেক গাড়িকে স্থানীয় চক্র, কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে যোগসাজশ করে লাইন ভেঙে আগে বের হয়ে যাওয়ার সুবিধা দিতে উৎকোচ নিচ্ছে।

যশোর থেকে আসা পণ্যবাহী গাড়ির চালক সনজিদ বিশ্বাস ক্ষোভের সঙ্গে বলেন, সড়কটির আশপাশে কিছু না থাকার ফলে আমাদের অনেক সমস্যা হচ্ছে। প্রকৃতির কাজ সারতে কোথাও শৌচাগারের ব্যবস্থা নেই। থাকা-খাওয়ার সমস্যা। এই সড়কে রাতে আটকে থাকায় মাঝেমধ্যে ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। এসব সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নেই।

ঝিনাইদহ থেকে আসা ট্রাক চালক সাদ্দাম শেখ বলেন, মঙ্গলবার সকালে এখানে এসেছি। আজ বুধবার এখনো ফেরির ধারের কাছেও যেতে পারিনি। কবে পাব তাও জানি না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, বর্তমানে এখানে ১৮টি ফেরি চালু থাকায় ঘাটে চাপ কিছুটা কম। এ ছাড়া দুটি বড় টার্মিনাল ফাঁকা পড়ে আছে। ঘাটে যানজট বা গাড়ির চাপ কমাতেই গোয়ালন্দ মোড় এলাকায় পণ্যবাহী গাড়ি আটকে রাখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত