৫৫ রান যোগ করতেই শেষ ৮ উইকেট হারিয়ে একেবারে মুঠোয় থাকা ম্যাচ হেরে বসল তামিম একাদশ। নাজমুল একাদশের বিপক্ষে এই হার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে খেলার স্বপ্নও গুঁড়িয়ে দিল দলটির। মাহমুদউল্লাহ একাদশকে সঙ্গী করে শিরোপা নির্ধারণী ম্যাচের মঞ্চে এখন নাজমুল একাদশ। শুক্রবার আসরের ফাইনাল।
বুধবার লিগ পর্বের শেষ ম্যাচে তামিম একাদশকে ৭ রানে (ডিএল মেথড) হারিয়েছে নাজমুল একাদশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল নাজমুল একাদশ। দলটির ইনিংস শুরুর পর বৃষ্টি হানা দেয়। ম্যাচ নেমে আসে ৪১ ওভারে।
সাইফউদ্দিনের ৫ উইকেট শিকারের দিনে নাজমুল একাদশ স্কোর বোর্ডে বড় পুঁজি জমা করতে পারেনি। ৩৯.৩ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় দলটি। বৃষ্টি আইনে তামিমদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৬৪।
যে লক্ষ্যে তাড়া করতে নেমে তামিম ইকবালের ফিফটিতে সহজ জয়ের পথে হাঁটতে থাকে তামিম একাদশ। ২৭. ১ ওভারে ২ উইকেটে ১০১ রান করে ফেলে দলটি। কিন্তু এরপর হুট করেই পথ হারিয়ে ফেলে ম্যাচটাই হেরে বসে তামিম একাদশ।
এরপরও অবশ্য শেষ ওভারে রোমাঞ্চকর কিছুর আভাস মিলেছিল। তামিম একাদশের ১৫ রান প্রয়োজন ছিল ২ উইকেট হারে রেখে। সাইফউদ্দিন ব্যাটিংয়ে থাকায় আশা ছিল ভক্তদের। সাইফউদ্দিন একটি ছক্কাও হাঁকান। কিন্তু শেষ পর্যন্ত বোলার সৌম্য সরকার তাকে শিকার বানান। তার আগে একটি রান আউটে ম্যাচ নিজেদের করেন।
এই জয়ের কৃতিত্ব নাজমুল একাদশের উজ্জীবিত বোলিং ও ফিল্ডিংয়ের। তাসকিন আহমেদ ৪ উইকেট যেখানে নায়ক। ম্যাচসেরাও তিনি। একটি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন, আবু জায়েদ, নাসুম আহমেদ ও সৌম্য সরকার।
তামিম একাদশের পক্ষে অধিনায়ক তামিম সর্বোচ্চ ৫৭ রান করেন। আসরে এটিই তার প্রথম ফিফটি। কিন্তু এরপরও দলকে জেতাতে পারলেন না। অন্যদের মধ্যে মোহাম্মদ মিঠুন ২৯ ও মাহিদুল ইসলাম অঙ্কন ২২ রান করেন।
এর আগে সাইফউদ্দিনের সঙ্গে মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসানের দারুণ বোলিংয়ে নাজমুল একাদশকে অল্প রানেই বেঁধে রেখেছিল তামিমরা। নাজমুল একাদশের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন মুশফিকুর রহিম। ৪০ রান করেছেন আফিফ হোসেন।
৮.৩ ওভার বল করে ২৬ রান খরচায় ৫ উইকেট নেন সাইফউদ্দিন। মোস্তাফিজ ৩টি ও মেহেদী নিয়েছেন ২ উইকেট।
৪ ম্যাচে ৩ জয়ে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে নাজমুল একাদশ। সমান ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী মাহমুদউল্লাহ একাদশ। আর ৪ ম্যাচে ১ জয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে বিদায় তামিমদের।
