আগামী ডিসেম্বরে নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ীর মধ্যে রেললাইন চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। গতকাল বুধবার রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রেলভবনে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠকে মন্ত্রী এ কথা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনার শুরুতেই চিলাহাটি-হলদিবাড়ী নতুন রেললাইন উদ্বোধন ও ট্রেন চালানোর বিষয়ে আলোচনা হয়। রেলপথ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু রেলসেতুর কাজ আগামী মাসে শুরু হবে। এই সেতুটি নির্মিত হলে দেশের রেলযোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হবে। এ ছাড়া মিটার গেজ লাইন পর্যায়ক্রমে ডুয়েল গেজে রূপান্তর করার প্রক্রিয়া চলছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প চালু হলে ভারতীয় ট্রেনের যশোরের বেনাপোল থেকে সহজে এবং কম সময়ে পণ্য ও যাত্রী ঢাকায় পরিবহন করা সম্ভব হবে।
