দুর্গাপূজায় করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী অনেক পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক। আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার। এরই আলোকে পূজা উদযাপন হয়ে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ আর্থিক প্রণোদনা এবং ৩১ দফা নির্দেশনা দিয়েছেন। যা মেনে চললে করোনাভাইরাসের আক্রমণ থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে।’
গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া পৌরসভা কার্যালয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদ সম্মাননা ও মতবিনিময় সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আপনারা কখনো বিপদে নিজেদের একা ভাববেন না। আমরা চাই না আপনাদের বিপদ আসুক। তবে বিপদ এলে ন্যায্য যা যা করা দরকার তা সবই করব।’ এ সময় তিনি উপজেলার ১৯টি পূজাম-পে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন। তিনি হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজায় শারদীয় শুভেচ্ছা জানান।
আখাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দিপক কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূঁইয়া, পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুল, লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহা শ্মশান কমিটির সভাপতি হীরালাল সাহা, শ্রী শ্রী রাধামাধব আখড়া কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হান্নান খাদেম, নাসির উদ্দিন, কাজী মফিকুল ইসলাম, জুটন বণিক, বাদাল আহাম্মদ খান ও জালাল হোসেন মামুন।
পরে ২০১৯ সালের দুর্গাপূজায় সেরা প্রতিমা নির্মাণ, সেরা আলোকসজ্জা ও সেরা ব্যবস্থাপনা এই তিন ক্যাটাগরিতে পৌর ও ইউনিয়নপর্যায়ে ছয়টি মন্দিরকে সম্মাননা দেওয়া হয়।
