সরকার উন্নয়ন কাজ তরান্বিত করতে নিরলস কাজ করে যাচ্ছে জানিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেছেন, বিভিন্ন প্রকল্প কাজ এগিয়ে নিতে করোনার সময়েও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক যথাসময়ে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে ।
বৃহস্পতিবার নেত্রকোনায় গর্ভমেন্ট-টেন্ডারারস ফোরাম (জিটিএফ) এর এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইএমইডির অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এই কর্মশালার আয়োজন করে।
এসময় দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ক্রয়ের কার্যকর বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিটিইউ এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সোহেলুর রহমান চৌধুরী। নেত্রকোনার জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান অধিবেশনে সভাপতিত্ব করেন।
মোহাম্মদ সোহেলুর রহমান চৌধুরী বলেন, কোভিড-১৯ এর কারণে লকডাউনের সময়ও ই-জিপি পুরোদমে চলমান ছিল এবং এক দিনের জন্যও তা বন্ধ হয়নি , যা বিশ্বব্যাংকের প্রশংসা কুড়িয়েছে। এ পর্যন্ত ৫৬ মন্ত্রণালয় ই-জিপির আওতায় এসেছে এবং ৭৭ হাজারেরও বেশি দরদাতা রেজিস্ট্রেশন করেছে।
তিনি বলেন, ই-জিপির মাধ্যমে ই-দরপত্র থেকে শুরু করে ই-চুক্তি এবং ই-ব্যবস্থাপনা সম্পন্ন করা হচ্ছে।
দর প্রক্রিয়া স্বছ ও জবাবদিহি নিশ্চিত করতে দরদাতাদের দর প্রক্রিয়া থেকে প্রকল্প কাজে যে কোনো সমস্যা সমাধানে এবং বিরোধ সমাধানে জিটিএফ কার্যকর ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেথ করেন।
কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় বলা হয়, সরকারি ক্রয় চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন এবং ক্রয় সংক্রান্ত কোনো অস্পষ্টতা বা বিভ্রান্তি দূর করতে জিটিএফ এর প্রাতিষ্ঠানিকতার প্রতি জেলায় ক্রয়কারি ও দরপত্র দাতাদের পারস্পরিক বুঝাপরার পরিবেশ তৈরির মাধ্যমে জনগণের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে।
