আতঙ্ক সৃষ্টি করতে আ.লীগের সন্ত্রাসীরা হামলা করছে : আমান

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ০৪:১৪ এএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য আমান উল্লাহ আমান অভিযোগ করেছেন, ভোটারবিহীন নির্বাচন করতে সারা দেশের মতো উত্তরার ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। আমান উল্লাহ আমান বলেন, ৪৮ নম্বর ওয়ার্ডের বিএনপি কাউন্সিলর আকবর আলী হোসেনের বাসায় প্রস্তুতি সভায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করতে হামলা করেছে। ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঢুকে হকিস্টিক দিয়ে পিটিয়ে আকবর হোসেন আলী, বিএনপি নেতা দেলোয়ার, ফারুক মোল্লা, মহিলা দল নেত্রী হাসিনা বেগম, যুবদল নেতা আতিক, শাহিনসহ অনেককে আহত করে। এ সময় তারা আসবাবপত্র, দুটি গাড়ি, চারটি মোটরসাইকেল, ১৫০টি চেয়ার, ২০টি টেবিল ভাঙচুর করে।

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা চাই জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে যাক। তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুক। কিন্তু মার্কা দেওয়ার আগেই প্রস্তুতি সভায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আক্রমণ করে। তারা কী করতে চায়? বিগত নির্বাচনে তারা বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণ করেছে, হামলা করেছে, হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়েছে। এই নির্বাচনেও তারা শুরু করছে। এ ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা লিখিত অভিযোগ পাঠিয়েছি। এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি করছি।’

সংবাদ সম্মেলনে আমান উল্লাহ বলেন, ‘সরকার যদি কারচুপি করে, বিশৃঙ্খলা তৈরি করে তাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করতে চায় তাহলে বিএনপিও ছেড়ে দেবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে কেন্দ্র থেকে প্রতিহত করা হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ঢাকা উত্তর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি বজলুল বাসিত আনজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী কফিল উদ্দিন ও মুস্তাফিজুর রহমান সেগুন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত