বৃষ্টিতে বাগেরহাটে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, মোংলায় পণ্য ওঠানামা ব্যাহত

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১০:১২ এএম

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ হওয়ায় উপকূলীয় জেলা বাগেরহাটে গত দু’দিন থেমে থেকে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এ দু’দিনের বৃষ্টিতে জেলার কিছু নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এদিকে টানা বৃষ্টির কারণে বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থান করা জাহাজে পণ্য ওঠানামার কাজ ব্যাহত হচ্ছে।

বৃষ্টিতে জনদুর্ভোগ বেড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে তেমন বাইরে বের হচ্ছে না। এতে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে।

মোংলা বন্দরে হারবার মাস্টার মো. ফকর উদ্দিন বলেন, মোংলা বন্দরে বর্তমানে ইউরিয়া সার, সিমেন্ট তৈরির কাঁচামাল এলপিজি গ্যাসসহ মোট ১১টি পণ্যবাহী জাহাজ অবস্থান করছে। বৈরী আবহাওয়ায় জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবে কাজ বন্ধ নেই।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক সঞ্জয় কুমার দাস বলেন, এই বৃষ্টিতে শীতকালীন সবজি ও মাঠে থাকা আমন ধানের কোনো ক্ষতি হবে না। তবে এই বৃষ্টি আরও দু-এক দিন অব্যাহত থাকলে মাঠে থাকা ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

বাগেরহাটে শীতকালীন সবজির মধ্যে টমেটোর আবাদ সবচেয়ে বেশি হয়। এখন পর্যন্ত সাতশ’ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেন, বৃষ্টিতে জেলার কিছু নিচু এলাকায় পানি জমেছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। তবে তা সাময়িক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত