ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শোল্লা ইউনিয়নের খতিয়া মৌজায় জমি জবর দখলের চেষ্টা ও চাঁদা দাবি করায় স্থানীয় নগেন্দ্র মন্ডল গংদের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক আক্তার হোসেন। গতকাল শুক্রবার দুপুর ১২টায় নবাবগঞ্জ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে আক্তার হোসেন লিখিত বক্তব্যে বলেন, খতিয়া মৌজার ওই জমি সুধন্য মন্ডলের নাম রেকর্ডভুক্ত ছিল। তার মৃত্যুর পর ওয়ারিশদের কাছ থেকে আমি ও দিলিপ মন্ডল ৩১ শতাংশ জমি কিনি। কিন্তু কেনার পর থেকে স্থানীয় নগেন্দ্র মন্ডল ও মতিয়ার ষড়যন্ত্র করে নরেশ মন্ডল গংদের ওয়ারিশ সাজিয়ে তাদের কাছ থেকে আম-মোক্তার দলিল করে নিয়ে আমার কেনা জমি জবর দখলের চেষ্টা করছে এবং বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। ভূমিদস্যু ও দালালচক্র নগেন্দ্র গং লাখ লাখ টাকা চাঁদা দাবি করছে এবং তারা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এর ন্যায়বিচার দাবি করছি।
তবে নগেন্দ্র মন্ডল বলেন, ওই জমিতে আমরা ওয়ারিশ পাব। চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
