আদ-দ্বীন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক সংকটাপন্ন অবস্থাতেই রয়েছেন। তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। গতকাল শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমীন।
তিনি বলেন, গত মঙ্গলবার রাতে তাকে ভেন্টিলেশনে নেওয়ার পর যে সংকটাপন্ন অবস্থাতে ছিলেন তিনি, সেভাবেই আছেন। তার অবস্থার কোনো পরিবর্তন বা উন্নতি হয়নি। ব্যারিস্টার রফিক-উল হকের হাসপাতালে ষষ্ঠ দিন চলছে। ইউরিন ও ফুসফুসের সংক্রমণে ভুগতে থাকা তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তবে তাকে সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, স্যারের জ্বর আছে এবং সেজন্য পালস একটু বেড়ে গেছে। ব্লাড প্রেসার কম ছিল, তবে এখন একটু নরমাল (১১০/৭০) রয়েছে। ওনার এখনো অক্সিজেন সাপোর্ট লাগছে, বর্তমানে ওনার অক্সিজেনের মাত্রা ৯৪-৯৫ মেনটেইন হচ্ছে। ব্যারিস্টার রফিকের ইউরিন ও ফুসফুসের সংক্রমণের কারণে মাঝেমধ্যে জ্বর আসছে উল্লেখ করে ডা. নাহিদ ইয়াসমীন বলেন, আমরা সবাই চেষ্টা করছি যেন ইনফেকশনের মাত্রা কমিয়ে আনা যায়। প্রয়োজনীয় ট্রিটমেন্টই তিনি পাচ্ছেন। ফুসফুসে ইনফেকশনের কারণে ওনাকে নেবুলাইজ করতে হয়েছে। ইনফেকশনের মাত্রাটা এখনো কন্ট্রোল হয়নি, এজন্য অক্সিজেন সাপোর্টের পাশাপাশি নেবুলাইজ করতে হয়েছে।
