নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল মিলস নামে একটি কারখানায় গলিত লোহায় দগ্ধ হয়ে মিজানুর রহমান ও ফাহিম নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন চারজন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যজনকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলা বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার একই থানার আলোদিয়ার বাজার এলাকার শাহজাহান মিয়ার ছেলে মিজানুর রহমান ও কুড়িগ্রাম জেলার পাটগ্রাম থানার বাংলাবাড়ি এলাকার আকবরের ছেলে ফাহিম। আহতরা হলেন কুড়িগ্রাম জেলার পাটগ্রাম থানার বাংলাবাড়ি এলাকার সোবহানের ছেলে শাকিল, লালমনির জেলার পাটগ্রাম থানার রফিক মিয়া, একই জেলার রহমতপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে রাজু, একই এলাকার আবু সিদ্দিক মিয়া।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল মিলস নামে কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন। রাত আড়াইটার দিকে কাজ করার সময় হঠাৎ করে স্টিল মিলের উত্তপ্ত গলিত লোহা শ্রমিকদের দিকে ছিটকে এলে দগ্ধ হয়ে শ্রমিক মিজানুর রহমানের মৃত্যু হয়। এ সময় তিনি ছাড়াও আরও পাঁচ শ্রমিক দগ্ধ হন। গুরুতর অবস্থায় চারজনকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ফাহিম মারা যান। বাকি তিনজনের হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে। অন্যজন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন বলেন, প্রিমিয়ার স্টিল মিলস নামে একটি কারখানায় উত্তপ্ত গলিত লোহা শরীরে গিয়ে দগ্ধ হয়ে মিজানুর রহমান নামে এক স্টিল মিলস শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। গুরুতর চারজনের মধ্যে গতকাল ফাহিম নামে আরেকজন মৃত্যু হয়।
এ ব্যাপারে প্রিমিয়ার স্টিল মিলের মালিক কামরুজ্জামান চাঁদ মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেনি।
