সামাজিক ব্যাধি রোধে শিক্ষকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘আমাদের শিক্ষা কারিকুলামেও তা অন্তর্ভুক্ত করা হচ্ছে।’
সামাজিক এই ব্যাধিগুলো শুধু নৈতিক শিক্ষা বা আইন দিয়ে দূর করা সম্ভব নয়। এর জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
শিক্ষামন্ত্রী বলেন, মানুষের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়ে শিশুবেলা থেকেই শিক্ষা দিতে হবে। এর পরও সমাজে অপরাধ ঘটে। তার বিচারের জন্য আইনি ব্যবস্থা আরও সুসংহত হয়েছে এবং তার প্রয়োগ আরও সঠিক ও কঠোরভাবে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি আশাকরি সচেতনতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সবার প্রচেষ্টায় সামাধিক ব্যাধি থেকে মুক্ত হতে পারব।
এর আগে সদর উপজেলার অডিটরিয়াম ভবনে চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলসহ ১৫ সাধারণ কাউন্সিলর ও ৫ নারী কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে শপথ নিয়েছেন ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে ফেরদৌসী আক্তার, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে খালেদা রহমান, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে মিসেস ফরিদা ইলিয়াস, ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ডে আয়েশা রহমান ও ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডে মোসাম্মৎ শাহিনা বেগম।
১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার।
