দুর্গাপূজায় হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৪:৩৪ পিএম

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে।

রবিবার সকাল ১১টায় হিলি সীমান্তর চেকপোস্ট গেটের শূন্য রেখায়  বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইয়াসিন আলী ও ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার নবকুমার দুবাহিনীর পক্ষে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় সেখানে বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার সুরেশ কুমার ও বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সোলায়মান আলী, হিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার রায়হানসহ উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকেরা উপস্থিত ছিলেন।

ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার নবকুমার বলেন, শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আমাদের ভারতের খুব বড় উৎসব। সে জন্য আমরা প্রতিবছরের ন্যায় এবারেও বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দিয়েছি। এ সময় তারাও আমাদের মিষ্টি উপহার দিয়েছে। আমাদের মাঝে যেন সব সময় সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ বজায় থাকে, সবকিছু ভালোভাবে চলে এটাই আমাদের কামনা।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার (ভারপ্রাপ্ত) ইয়াসিন আলী বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে¨ জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসারসহ বিভিন্ন ক্যাম্পের জন্য মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় তারাও আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। প্রতিবছর বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এ ধরনের রেওয়াজ দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে চলে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত