চাঁদপুরে জেলেদের হামলা ১৩ পুলিশ আহত

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০১:৩৯ এএম

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় নৌ-পুলিশের অভিযানে জেলেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফরিদা পারভিন, চাঁদপুরের সহকারী পুলিশ সুপার মো. হেলাল উদ্দিনসহ অন্তত ১৩ সদস্য আহত হয়েছেন। তাদের চাঁদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় পাঠানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৪৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। গতকাল দুপুরে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ^র এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত অন্যরা হলেন পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম (৪১), নায়েক শাহজাহান (৪০), ইকবাল (৩৪), কনস্টেবল ফেরদৌস শেখ (২৬), কাউসার (৩০), আল মামুন (৩৪), আল আমিন (৩৪), নিলয় দেব (২৮), মোনায়েম (২৬), ইলিয়াছ ও প্রসেনজিৎ।

পুলিশ জানায়, গত শনিবার রাত থেকে ঢাকা, শরীয়তপুর, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন স্থানে বিমানবাহিনীর সহায়তায় হেলিকপ্টারসহ নৌ-পুলিশের সদর দপ্তরের একটি দল একটি লঞ্চ ও পাঁচটি স্পিডবোট নিয়ে মা ইলিশ রক্ষায় অভিযান নামে। গতকাল দুপুরে দলটি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ^র এলাকায় এলে সঙ্ঘবদ্ধভাবে হামলা চালায় জেলেরা। পুলিশের দলটিকে ঘিরে রেখে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে কয়েক হাজার জেলেসহ নারী ও শিশু। এ সময় পুলিশের অন্তত ১৩ সদস্য আহত হন।

হামলায় আহত নৌ-পুলিশের চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন বলেন, রাজরাজেশ^র এলাকায় আমরা কয়েক শ জেলে নৌকা দেখতে পেয়ে তাদের ধরতে ধাওয়া দিই। এ সময় তারা সঙ্ঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। তাদের সঙ্গে যোগ দেয় জেলেপল্লীর নারী ও শিশুরা। আমাদের চারদিক থেকে তারা ঘিরে রেখে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে।

আহত নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফরিদা পারভিন বলেন, শনিবার রাত থেকে আমরা বিমানবাহিনীর হেলিকপ্টারসহ নদীতে অভিযান চালাচ্ছি। অভিযানে আমরা শরীয়তপুর ও চাঁদপুরের বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক নৌকা, ৪৭ লাখ মিটার কারেন্ট জাল ও সাত জেলেকে আটক করি। গতকাল দুপুরের দিকে চাঁদপুরের রাজরাজেশ^র এলাকায় অনেক জেলে নৌকা দেখতে পেয়ে তাদের ধরতে ধাওয়া করি। এ সময় তারা আমাদের ওপর হামলা চালায়।

ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষার্থে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন সব ধরনের মা ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু প্রতিদিনই জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরতে নদীতে নামছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত