সীমান্ত সংঘাত বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে ভারত। গালওয়ান ভ্যালি এলাকায় নতুন করে ৪৭টি বর্ডার আউটপোস্ট (চৌকি) বসাচ্ছে ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, ১৯৬২ সাল থেকে সীমান্ত প্রহরার দায়িত্ব সামলাচ্ছে আইটিবিপি। এরই সঙ্গে করোনা পরিস্থিতি সামলাতে দেশের অভ্যন্তরে কাজ করেছে। আইটিবিপি কাজ করে মাওবাদী-অধ্যুষিত এলাকায়ও। ভারত-চীন সীমান্তে এই ৪৭টি চৌকি বসানোর ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এরপরই নির্মাণকাজ শুরু হয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১২ অক্টোবর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪৪টি সেতু উদ্বোধন করেন। আসলে খুব কম সময়ে সেনাসদস্যদের মুভমেন্ট ঘটানোর জন্যই ৪৪টি ব্রিজের উদ্বোধন করেছেন প্রতিরক্ষামন্ত্রী। এর মধ্যে আটটি সেতু তৈরি হয়েছে লাদাখে।
তবে ভারতের এই প্রস্তুতিকে মোটেও ভালোভাবে নিচ্ছে না চীন। অবিলম্বে সীমান্তে নির্মাণকাজ বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং। অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে হুমকি দিয়েছে দেশটি। এ ছাড়া দুই দেশের সম্পর্কের অবনতির এই অবস্থায় ভারতের ভূমিকায় চীন হতাশ বলেও মন্তব্য করা হয়েছে।
