কুষ্টিয়ায় ট্রাকচাপায় ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০৯:২৯ এএম

কুষ্টিয়ার বটতৈল এলাকায় ট্রাকচাপায় মেহেদী হাসান শান্ত (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত মেহেদীর বাবা শরিফ উদ্দিনকে (৫৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও সংকটাপন্ন।

রবিবার রাত ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে।

স্থানীয়রা প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, বটতৈল এলাকার পোলট্রি ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের শ্রমিক বাবা-ছেলে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তাদের কর্মস্থল ওই কারাখানায় আসছিলেন।

এ সময় ঘটনাস্থল ওই কারখানার মাত্র কয়েকশ’ মিটার দূরে বটতৈল মোড়ে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছেলে মেহেদী মারা যান।

স্থানীয়রা গুরুতর আহত শরিফ উদ্দিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মেহেদী হাসান শান্ত নামে এক কারখানা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় মেহেদীর বাবা শরিফ উদ্দিন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত