দিনাজপুরের হাকিমপুরে অভিযান চালিয়ে ছিনতাই করা মোটরসাইকেলসহ আসাদ (২০) ও কবির হোসেন (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে মোটরসাইকেলসহ বিরল থানা-পুলিশের নিকট সোপর্দ করা হয়।
সোমবার রাতে হাকিমপুরের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাদের মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। আটক আসাদ দিনাজপুরের কোতোয়ালি থানাধীন রামনগর গ্রামের শহিদুর রহমানের ছেলে ও কবির হোসেন হাকিমপুরের শালপুকুরিয়া গ্রামের এমদাদুল হকের ছেলে।
হাকিমপুর থানার এসআই বেলাল হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক হাকিমপুরের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি হিরো হাঙ্ক ১৫০ সিসি মোটরসাইকেলসহ আসাদ ও কবির নামের দুজনকে আটক করা হয়।
পরে জানা যায় বিরল থানার তেঁতুলতলা নামক স্থান থেকে ওই মোটরসাইকেলটি ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় বিরল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ও তাদেরকে ওই থানার নিকট হস্তান্তর করা হয়েছে।
