ঈশ্বরদীতে ঢাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০৭:৩৮ এএম

পাবনার আটঘড়িয়ায় রুম্পা খাতুন (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে উপজেলার কন্দর্পপুর এলাকায় বড়ভাই রিপন মন্ডলের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, প্রেমিকের বদলে অন্য ছেলের সঙ্গে বিয়ের চেষ্টা করায় রুম্পা আত্মহত্যা করেছে।

পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুলচরা গ্রামের ফরিদ উদ্দিন মন্ডলের মেয়ে রুম্পা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষে পড়তেন, থাকতেন শামসুন্নাহার হলে।

স্বজনদের বরাত দিয়ে ঈশ্বরদী থানার ওসি সেখ নাসির উদ্দীন জানান, ঢাকার একটি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা শেষ বর্ষের ছাত্র একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে রাজু ইসলামের সঙ্গে রুম্পার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিয়ের কথাবার্তা শুরু হলে রুম্পা রাজুকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলে জানান। কিন্তু রাজুর বাবার সঙ্গে পূর্ববিরোধ থাকায় রুম্পার বাবা রাজি হননি। এসব নিয়ে পারিবারিক কলহের একপর্যায়ে রুম্পা কয়েক দিন আগে রাগ করে বড়ভাই সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা রিপনের বাসা চলে যান। সোমবার সেখানেই তিনি গলায় ফাঁস দেন।

এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে জানিয়ে ওসি বলেন, গতকাল ময়নাতদন্ত শেষে রুম্পার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বাবুলচারা গ্রামে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত