চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনার পর দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেল লিভারপুল। কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ব্রাজিলের ফাবিনহো চোট নিয়ে মাঠ ছাড়ায় ড্যানিশ ক্লাব মিতউইলানকে হারানোর উচ্ছ্বাস তেমন জমেনি অল রেডদের।
নিজেদের মাঠ অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় ইয়ুর্গেন ক্লপের দল। দুটি গোলই দ্বিতীয়ার্ধে পায় তারা।
পর্তুগিজ উইঙ্গার দিয়েগো জোতা এগিয়ে নেওয়ার পর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।
কিন্তু জয়ের বিষয়টি ছাপিয়ে আলোচনায় উঠে আসছে লিভারপুলের রক্ষণভাগ নিয়ে। চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে দুই ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও জোয়েল মাতিপ। এর মধ্যে ফাবিনহোর চোট কোচ ক্লপের চিন্তা আরও বাড়িয়েছে।
হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে ম্যাচের প্রথমার্ধেই মাঠ ছাড়েন ফাবিনহো। বুধবার সকালে স্কেন করানোর কথা। রিপোর্ট দেখে চোটের গভীরতা বোঝা যাবে বলে জানিয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
এদিকে, দুই জয়ে ৬ পয়েন্টে ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত হয়েছে লিভারপুলের। অপর ম্যাচে আয়াক্সের সঙ্গে ২-২ গোলে ড্র করা আতালান্ত আছে দ্বিতীয়স্থানে।
