অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) হিসাব সহকারী মো. নুরুল আমিন এর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারে বলা হয়, পিজিসিবির আফতাব নগর প্রধান প্রকৌশলী (সঞ্চালন-২) এর দপ্তরের সহকারী পরিচালক মো. নুরুল আমিন জেনে শুনে অসৎ উদ্দেশ্যে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩৬ লাখ সাড়ে ৮ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। তিনি মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দাখিল করেন এবং ১ কোটি ২ লাখ ৭৫ হাজার ২৯২ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করেন। যা দুদক আইন, ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এর আগে ২০১৮ সালের ৪ মার্চ মো. নুরুল আমিনের নামে দুর্নীতি দমন কমিশনের সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। তিনি নির্ধারিত সময়ের মধ্যে তার এবং তার স্ত্রী-সন্তানদের নামীয় স্থাবর-অস্থাবর সম্পদ ও দায়-দেনার বিবরণ দুর্নীতি দমন কমিশনে একই বছরের গত ২২ মার্চ দাখিল করেন।
দীর্ঘ অনুসন্ধান শেষে কমিশনের অনুসন্ধান কর্মকর্তা মামলার সুপারিশসহ প্রতিবেদন দাখিল করেন। কমিশন অনুমোদন দেওয়ার পর মামলাটি করা হয়।
