জিপির এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদককে চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১০:৩৫ পিএম

গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের (জিপিইইউ) সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ শফিকুর রহমান মাসুদকে চাকরিচ্যুত করার প্রতিবাদে মানববন্ধন করেছে জিপির সাধারণ কর্মীরা।

বুধবার রাজধানীর বসুন্ধরায় জিপি হাউসের সামনে মানববন্ধন করেন তারা। পরে তারা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি প্রদান করেন।

মিয়া মাসুদ গ্রামীণফোনের বিজনেস ডিভিশনের বিজনেস গভর্নেন্স অ্যান্ড ইন্টারনাল কমপ্লায়েন্স বিভাগের সিনিয়র স্পেশালিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের রেজিস্টার্ড ইউনিয়ন জিপিইইউর সাধারণ সম্পাদক মিয়া মাসুদকে সম্পূর্ণ গায়ের জোরে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ২৬ ধারা প্রয়োগ করে টার্মিনেট করা হয়েছে যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। গ্রামীণফোন তার কর্মীদের হোম অফিসে পাঠিয়ে দিয়ে অনেককে কর্মহীন করে গণছাঁটাইয়ের অপতৎপরতা চালাচ্ছিল। মিয়া মাসুদ বিষয়টি নিয়ে কোম্পানির ভেতরে ও বাইরে, বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি দেওয়া ও শ্রম স্বার্থ রক্ষায় আন্তর্জাতিকভাবে যারা কাজ করে তাদের সহযোগিতা চাওয়ায় গণছাঁটাইয়ের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। এ জন্য ভবিষ্যতে সহজভাবে গণছাঁটাইয়ের সুবিধার্থে মাস্টার প্ল্যান করে তাকে টার্মিনেট করেছে।

মানববন্ধনে সংগঠনের যোগাযোগ সম্পাদক জিয়াউর রহমান বলেন, আমরা আমাদের কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে আজকে মানববন্ধন শেষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি প্রদান করেছি আমরা এবং বিষয়টি নিয়ে আমরা আইনি প্রক্রিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।

মঙ্গলবার গ্রামীণফোনের মানবসম্পদ বিভাগ থেকে চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয় মিয়া মাসুদকে। যা ওই দিন থেকেই কার্যকর হয়েছে। তার দেনা পাওনা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে বলেও চিঠিতে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত