স্টোকসকে নিয়ে বর্ণবাদী মন্তব্য: স্যামুয়েলসের ওপর খেপলেন ভন-ওয়ার্ন

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০১:১৩ এএম

ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস ও ওয়েস্ট ইন্ডিজ তারকা মারলন স্যামুয়েলসের মধ্যে বিবাদ পুরোনো। স্যামুয়েলস ও অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়ার্নের সম্পর্কটাও একই রকম। নতুন করে স্যামুয়েলসের সঙ্গে স্টোকস ও ওয়ার্নের বিবাদ সামনে এসেছে।

কথার লড়াইয়ে জড়িয়ে এবার অবশ্য স্যামুয়েলস বেশ বিপাকেই পড়েছেন। কারণ বেন স্টোকসকে আক্রমণ করতে গিয়ে ইংলিশ ক্রিকেটারের স্ত্রীকে জড়িয়েও মন্তব্য করেছেন। এ ছাড়া স্টোকসের উদ্দেশ্যে স্যামুয়েলস যে ভাষা ব্যবহার করেছেন, তকে বর্ণবাদী মন্তব্য বলে উল্লেখ করেছেন মাইকেল ভন।

নতুন করে এই বিতর্কের শুরু আসলে স্টোকসের একটি মন্তব্যকে ঘিরে। অসুস্থ বাবার পাশে থাকতে নিউজিল্যান্ডে গিয়েছিলেন তিনি। এ সময় ১৪ দিন কোয়ারেন্টাইনে ছিলেন স্টোকস। আইপিএল খেলতে এসেও প্রায় এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে।

কোয়ারেন্টাইনের এই অভিজ্ঞতা স্টোকসের কাছে এতটাই বাজে ছিল যে, কামনা করেছিলেন ‘শত্রু’ স্যামুয়েলসের সাথেও যেন কখনো এমনটা না হয়। বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালের ভিডিওতে স্টোকসের দাবি ছিল, তার ভাই তাকে জিজ্ঞেস করেছেন- কোয়ারেন্টাইন কি এতই বাজে যে স্যামুয়েলসের জন্য চাইবেন না স্টোকস? জবাবে স্টোকস বলেছিলেন- হ্যাঁ, স্যামুয়েলসের জন্যও চাইব না।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো স্টোকসের এই উক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। যা দৃষ্টি এড়ায়নি স্যামুয়েলসের। ক্ষুব্ধ স্যামুয়েলস কথার লাগাম হারিয়ে বসেন। ইনস্টাগ্রামে স্টোকসের স্ত্রীকে জড়িয়ে লিখে দেন আপত্তিকর কথা। তা ছাড়া স্টোককে ‘হোয়াইট বয়’ বলে সম্বোধন করেন। যাকে বর্ণবাদী মন্তব্য আখ্যা দিয়ে পোস্ট করেন মাইকেল ভন।

স্যামুয়েলস পরে আরেকটি পোস্টে স্টোকসের সঙ্গে ওয়ার্নকেও টেনেছিলেন। ওয়ার্ন তাই চুপ থাকেননি। টুইট করে এক রকম ধুয়ে দিয়েছেন স্যামুয়েলসকে।

ওয়ার্ন লিখেন, স্যামুয়েলসের সাহায্য প্রয়োজন। ক্যারিবিয়ান ক্রিকেটারের কোনো বন্ধু নেই, এমনকি জাতীয় দলের সতীর্থরাও তাকে পছন্দ করেন না বলে মন্তব্য করেন ওয়ার্ন।

এদিকে স্যামুয়েলসও এর জবাব দিতে ছাড়েনি। ওয়ার্নকে উদ্দেশ্য করে ইনস্টাগ্রামে কড়া জবাব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত