এল ক্লাসিকোতে হারের বড় ধাক্কার পর প্রেসিডেন্ট বার্তোমেউয়ের পদত্যাগ। ঝঞ্ঝার মধ্য দিয়ে যাওয়া সেই বার্সেলোনা জুভেন্তাসের মতো দলকে হারিয়ে ঘুরে দাঁড়াল। এ সময় জয়টা খুব দরকার ছিল বলে মনে করেন ডিফেন্ডার সের্জি রবের্তো। তার মতে, এটিই ছিল বার্সার বোর্ডকে উচিত জবাব।
রিয়ালের সঙ্গে ম্যাচে সের্জিনো দেস্তের কাছে রাইট ব্যাক পজিশন হারানো রবের্তো জুভেন্তাসের বিপক্ষে খেলেছেন পুরো ৯০ মিনিট। ম্যাচের আগের দিনই বিদায় নিয়েছেন বার্সার বোর্ড প্রেসিডেন্ট বার্তোমেউ। রবের্তো বলেন, ‘সেরা জবাব ছিল আজকের ম্যাচ। আমরা ম্যাচ ও শিরোপা জিততে চাই। তা আজ দেখিয়েছি। এখন (বোর্ডে সংকট) সেসব অতীত। আমরা আমাদের কাজে মনোযোগ দিয়েছি।’ বার্তোমেউয়ের পদত্যাগে কিছুটা বিস্মিত কোচ রোনাল্ড কোম্যান। তবে সব ভুলে খেলায় নজর দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি, ‘আমাদের মাঠের খেলার দিকে মনোযোগ দিতে হবে। এটা আমাদের ওপর প্রভাব ফেলে না এবং আমি চিন্তিতও না। আমরা নজর রাখছি শুধু ফুটবলের (খেলা) দিকে।’
