সিলেটে রায়হান হত্যা

পুলিশ সদস্য আশেক ও হারুন ফের রিমান্ডে

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০৩:০৩ এএম

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ (৩৪) নিহতের মামলায় এএসআই আশেক এলাহীর পাঁচ দিন ও কনস্টেবল হারুনুর রশিদের দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন। এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাহিদুল ইসলাম দুই আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘রায়হান নিহতের পর আশেক এলাহীকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়। গত বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আর ফাঁড়ির কনস্টেবল হারুনকে (সাময়িক বরখাস্ত) তিন দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হলে বিচারক ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এদিকে ঘটনার ১৯ দিন পার হলেও প্রধান আসামি বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (বরখাস্ত) গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গত ১০ অক্টোবর রাতে সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে ছিনতাইয়ের ঘটনায় আটক করে বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতন করা হয়। পরের দিন সকালে পুলিশ থেকে খবর পেয়ে স্বজনরা ওসমানী হাসপাতাল মর্গে গিয়ে তার লাশ পান। দুদফা ময়নাতদন্তে রায়হানের শরীরে ১১১টি আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এ ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পুলিশ সদর দপ্তরের নির্দেশে বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই। ইতিমধ্যে এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুনুর রশিদ ও টিটু চন্দ্র দাস এবং সোর্স সাইদুর শেখকে গ্রেপ্তার করা হয়েছে। আর ফাঁড়ির তিন কনস্টেবল আদালতে ১৬৪ ধারায় রায়হানের ওপর নির্যাতন ও জড়িতদের বিষয়ে জবানবন্দি দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত