বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে বরগুনা জেলা কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে আনা হয়েছে। কাশিমপুর কারাগারের ডেপুটি জেলার সুমাইয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি মিন্নিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে আনা হয়েছে। বরগুনা জেলা কারাগার থেকে তাকে এ কারাগারে আনা হয়। এর আগে বরগুনা জেলা কারাগার থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল সকালে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে মিন্নিকে গাজীপুর মহিলা কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর আলোচিত এ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে ৬ আসামিকে মৃত্যুদন্ড দেয় আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অন্য চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। এর আগে, ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দুভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ।
