দুই তরুণ গ্রেপ্তার

পঞ্চগড়ে উত্ত্যক্ত করায় ছাত্রীর আত্মহত্যাচেষ্টা

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১২:০৭ এএম

পঞ্চগড়ে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গত কয়েক মাস ধরে উত্ত্যক্ত করার কারণে ওই ছাত্রী নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

গত রবিবার রাতে পঞ্চগড় পৌরসভা এলাকার কামাতপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। গ্রেপ্তার তরুণরা হলো কামাতপাড়া গ্রামের আহসান হাবিব (১৮) ও তার সহযোগী নজরুল ইসলাম জনি (২৭)।

মেয়েটির মা রবিবার রাতে সাংবাদিকদের জানান, প্রতিনিয়ত হাবিব তার সাঙ্গোপাঙ্গ নিয়ে আমার মেয়েকে হুমকি দিয়ে আসছিল। রবিবার বিকেলে হাবিব ও জনি বাসায় এসে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। অন্যথায় আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। হুমকির পর রাতে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে।

পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, মেয়েটি এখন কিছুটা সুস্থ। এ ঘটনায় মেয়ের মা পঞ্চগড় থানায় দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হাবিবের পরিবার বলছে, এ বিষয়ে গতকাল সোমবার একটি সালিশ হওয়ার কথা ছিল। হাবিবের কারণে না অন্য কোনো কারণে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছে তা তাদের জানা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত