আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীদের হামলায় শিক্ষার্থীসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। গতকাল সোমবারের ওই হামলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের গুলিবিনিময় হয় বলে জানিয়েছেন আফগান কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা। হামলায় অংশ নেওয়া তিন জঙ্গি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে।
হামলায় আরও অন্তত ২২ জন আহত এবং কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ হামলার ঘটনায় আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি বিস্ফোরণের পর হামলা শুরু হয়। তারপর বন্দুকধারীদের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর লড়াই শুরু হয়। কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধে হামলাকারী তিন জঙ্গি নিহত হওয়ার পর হামলার অবসান ঘটে বলে জানিয়েছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান।
এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হামলা শুরুর পর পালাতে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলাকারীরা গুলি ছুড়তে থাকে। তারা যাকে সামনে পেয়েছে তাকেই গুলি করেছে। বিশ্ববিদ্যালয়টিতে একটি বইমেলা চলার সময়ে এ হামলা হয়। তখন বইমেলায় যোগ দিতে সেখানে আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। আর হামলা শুরুর কিছুক্ষণ পরই তালেবান দায় অস্বীকার করে এর তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয়।
এর আগে গত মাসে কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলায় ২৪ জন নিহত হয়েছিলেন। যাদের বেশিরভাগই শিক্ষার্থী। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছিল।
