রাজধানীর যাত্রাবাড়ীর হাসেম খান রোডে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৫জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরা হলেন- মাইক্রোবাস চালক হামদু (৫০), যাত্রী শিউলি আক্তার (২৭) ও তার স্বামী নাসির উদ্দিন (৩০), ইসমাইল হোসেন (১২) ও ফয়সাল আহমেদ (১৫)।
মাইক্রোবাসটির চালক আহত হামদু জানান, হাসেম খান রোডে আসলে সামনের একটি বাস ব্রেক করে। এরপর তিনিও গাড়িটি ব্রেক করলে পেছন থেকে আরেকটি বাস তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটি গিয়ে সামনের বাসের সাথে ধাক্কা লাগে।
তাদের সঙ্গে থাকা চম্পা আক্তার জানান, তিনি রাজধানীর মালিবাগ আবুল হোটেল এলাকায় থাকেন।
২ সপ্তাহ আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলায় যান বাবার বাড়িতে বেড়াতে। তার বোন জামাই নাসির উদ্দিন সাউথ আফ্রিকা প্রবাসী ছিলেন। ১০ মাস আগে তিনি দেশে আসেন।
চলতি মাসের ৮ তারিখে তার আবার বিদেশ যাওয়ার ফ্লাইট। সেজন্য নাসিরের স্ত্রীসহ সব মিলিয়ে ১৪ জন আত্মীয়স্বজন নিয়ে মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় চম্পার বাসায় ফিরছিলেন। পথে হাসেম রোডে একটি বাস তাদের মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ভেতরে থাকা ওই ৮ জন আহত হন। বাকিরা হালকা আঘাত পেয়েছে। সঙ্গে সঙ্গে এদের মধ্যে ওই ৫জনকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। আর বাকিরা স্থানীয় কোনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত ৫ জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এদের মধ্যে শিউলি ও নাসিরের পা ভেঙে গেছে। বাকি ৩ জনের অবস্থা গুরুতর নয়। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যাত্রবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, হাসেম রোডে একটি দুর্ঘটনার খবর পেয়েছি। এতে ৮ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।
