মেডিকেল কলেজের সব পরীক্ষা বন্ধ রাখাসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক আটকে বিক্ষোভ করেছে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাখালীর আমতলীর সড়ক আটকে রাখেন আন্দোলনকারীরা। এ সময় মহাখালী থেকে বনানী-বিমানবন্দরের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে পুলিশ ও কয়েকটি মেডিকেল কলেজ কর্র্তৃপক্ষের মৌখিক আশ্বাসে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে স্মারকলিপি দেওয়ার পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। করোনাকালীন যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো পুনরায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এসব পরীক্ষা না নেওয়ার এবং বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবিতে এ বিক্ষোভ করেন।
বনানী থানার ওসি মো. নুরে আযম মিয়া দেশ রূপান্তরকে সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। বিক্ষোভে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। পরে অবশ্য আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পরীক্ষা বাতিলসহ তারা চার দফা দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে করোনার দ্বিতীয় ধাক্কা নভেম্বরে আসার সম্ভাবনা। এ সময় শিক্ষার্থীরা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় না। এছাড়া মেডিকেল কলেজের সব পরীক্ষা বন্ধ রাখতে হবে। করোনা মহামারীর কারণে মেডিকেল শিক্ষার্থীদের যে সেশনজট সৃষ্টি হয়েছে, তা নিরসনে বেসরকারি কর্র্তৃপক্ষকে যথাযথ বিকল্প ব্যবস্থা হাতে নিতে হবে। কোনো শিক্ষার্থী যদি পরীক্ষা দিতে গিয়ে করোনা পজিটিভ হয়, তবে তার দায়ভার কর্র্তৃপক্ষকে নিতে হবে। শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের সম্মতিসূচক স্বাক্ষর নেওয়া যাবে না। বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ মাসের বেতনের অধিক টাকা নেওয়া যাবে না। শিক্ষার্থীরা জানান, মৌখিক আশ্বাসে সড়ক ছেড়ে দিলেও এর বাস্তবায়ন না হলে পরে তারা কঠোর আন্দোলনে যাবেন।
ঘটনাস্থলে থাকা ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হোসেন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়ে আজকের মতো কর্মসূচি সমাপ্ত করেছেন।
এর আগে একই দাবিতে গত রবিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের কয়েকশ শিক্ষার্থী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচিও পালন করেন তারা।
