ট্রাম্পের মন্তব্য থেকে সতর্ক থাকার আহ্বান টুইটারের

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১২:৩৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে যে মন্তব্য করা হচ্ছে, তার বিষয়ে সবাইকে সতর্ক করে একটি ল্যাবেল জুড়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি টুইটার।

যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী মঙ্গলবার রাতে ট্রাম্পের অ্যাকাউন্টে গেলেই এমন বার্তা দেখা গেছে, ‘এই টুইট থেকে শেয়ার করা কিছু অথবা সব কনটেন্ট বিতর্কিত। পাশাপাশি নির্বাচন সম্পর্কে ভুল তথ্য থাকতে পারে।’

ট্রাম্প এদিন রাত ১২টার আগে দুটি টুইট করেন। প্রথমটায় লিখেছেন, ‘আমরা বড় ব্যবধানে এগিয়ে, কিন্তু তারা নির্বাচন চুরির চেষ্টায় আছে। কখনোই এটি করতে দেব না। বন্ধ হওয়ার পর ভোট যেন না পড়ে।’

আরেকটি টুইটে লিখেছেন, ‘আজ রাতে বিবৃতি দেব। বড় জয়!’

কিন্তু এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে বাইডেন কিছুটা এগিয়ে। ফক্স নিউজ জানিয়েছে, পঞ্চাশটি অঙ্গরাজ্যের বেশিরভাগ ফলাফলে ৪৪৭টি ইলেক্টোরালের মধ্যে ২৩৭টি গেছে বাইডেনের ঘরে, ২১০টি পেয়েছেন ট্রাম্প।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রায় ২১ কোটি ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় ১০ কোটি।

গত কয়েক মাস ধরে টুইটারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ট্রাম্পের। তার একাধিক ভুয়া টুইটে এ ধরনের ল্যাবেল জুড়ে দিয়েছে কোম্পানিটি। ট্রাম্প কয়েকবার হুমকি দিলেও মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি দমে যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত