চট্টগ্রামে এক কিশোর গ্যাং লিডারকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বুধবার ভোরে নগরীর চান্দগাঁও থানার বাস টার্মিনাল সংযোগ সড়কের পাশে একটি ভবন থেকে রাজু বাদশা ওরফে হামকা রাজুকে (৩২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজু চান্দগাঁও এলাকার কসাইপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহ্মুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাস টার্মিনাল এলাকার একটি তিনতলা ভবনের নিচ তলার ফ্ল্যাট থেকে হামকা রাজুকে গ্রেপ্তার করা হয়। ওই ফ্ল্যাটের বেডরুমে টিভির সঙ্গে লাগানো সাউন্ড বক্সে লুকানো অবস্থায় একটি একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, রাজু কিশোর গ্যাং এর নেতৃত্ব দিয়ে অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এ ছাড়া দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত। হামকা রাজুর বিরুদ্ধে ছিনতাই, ইভটিজিং এবং হত্যাচেষ্টাসহ বিভিন্ন থানায় পাঁচটি মামলা আছে।
উল্লেখ্য, হামকার নেতৃত্বে চান্দগাঁও বহদ্দারহাট এলাকায় ইয়াবা বিক্রি, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের।
