রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত নজরুল ইনস্টিটিউটের অফিস সহকারী ইলিয়াস হোসেনকে (৫৩) ছুরিকাঘাত করে লকার থেকে টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুর ১টার দিকে ইনস্টিটিউটের অফিস কক্ষ থেকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন।
নজরুল ইনস্টিটিউটের সচিব মো. আব্দুর রহিম দেশ রূপান্তরকে বলেন, ইনস্টিটিউট থেকে নজরুলের বই, সিডিসহ বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করা হয়। সেই বিক্রয় কেন্দ্রের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইলিয়াস। ঘটনার সময় দুপুরের খাবার ও নামাজের বিরতি চলছিল। বন্ধ ছিল ইনস্টিটিউটটির প্রধান ফটক। অন্যান্য স্টাফরাও বাইরে ছিলেন। এরই মধ্যে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে তার লকারে থাকা টাকা লুট করে নিয়ে গেছে। সেখানে কত টাকা ছিল কিংবা হামলাকারী কে সে বিষয়ে জানা যায়নি।
তিনি আরও বলেন, দুপুর ১টার দিকে ইনস্টিটিউটের গাড়ি চালক বোরহান ভেতরে ঢুকে ইলিয়াসের কক্ষে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গাড়ি চালক বোরহান জানান, ইলিয়াসের কক্ষে একটি লকার ছিল। সেটি খোলা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই লকারের টাকা লুট করার জন্য কেউ ভেতরে ঢুকে ইলিয়াসকে ছুরিকাঘাত করে পালিয়েছে।
ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী বলেন, বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। ইনস্টিটিউটের ভেতরে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।
তদন্ত সংশ্লিষ্ট আরেক পুলিশ কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে তার কক্ষে ঢুকতে দেখা গেছে। বের হওয়ার সময় তার হাতে কিছু একটা ছিল। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে দুপুরের লাঞ্চ ও নামাজের বিরতির সময় তাকে ছুরিকাঘাত করে টাকা-পয়সা লুট করে নিয়ে গেছে।
ইলিয়াসের অবস্থা আশঙ্কাজনক। অনেক সময় ধরে অচেতন অবস্থায় পড়ে থাকায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি কোনো কথা বলতে পারছেন না।
