যুক্তরাষ্ট্রে বিক্ষোভের মুখে প্রশাসনিক জটিলতার শঙ্কা

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০৬:১৭ পিএম

কারচুপির অভিযোগে ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকেরা বিক্ষোভ শুরু করায় মার্কিন ‍যুক্তরাষ্ট্রে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। এমন পরিস্থিতিতে আর্মড এজেন্টের সদস্যরা ভোট গণনা কেন্দ্রে যেতে পারবেন বলে জানিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট।

টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালের দিকে জাস্টিস ডিপার্টমেন্ট ইমেইলের মাধ্যমে ফেডারেল প্রসিকিউটরদের বলেছেন আইন অনুযায়ী তারা ভোটকেন্দ্রে সম্ভাব্য কারচুপির বিরুদ্ধে তদন্ত করতে পারবেন।

জো বাইডেনের সমর্থকেরা বলছেন, সদস্যরা সেখানে এভাবে গেলে আইনি জটিলতা তৈরি হবে।

বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট গণনা চলার মধ্যেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগেভাগে নিজেকে বিজয়ী ঘোষণা করার পর তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সমর্থকেরা বেশ চটেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বাইডেন সমর্থকদের আশঙ্কা, হেরে গেলে ট্রাম্প নির্বাচনের ফল নাও মেনে নিতে পারেন। রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোর অনেক ভোটার প্রেসিডেন্টের মতোই নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে বলে প্রমাণ ছাড়াই অভিযোগ তুলেছেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, তারা বিভিন্ন এলাকার ডানপন্থী মিলিশিয়া সদস্যদের উপরও নজর রাখছেন। ভোটে কারচুপি নিয়ে ট্রাম্প যে অভিযোগ করেছেন তার কারণে এ ধরনের সশস্ত্র গোষ্ঠীগুলো রাস্তায় নেমে যেতে পারে বলেও অনেকের আশঙ্কা!

কট্টর-ডানপন্থী পুরুষদের দল ‘প্রাউড বয়েজের’ নেতা এনরিক তারিও বুধবার ভোরের আগে হোয়াইট হাউজ থেকে কিছুটা দূরে তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন।

হামলাকারীদের মধ্যে একজনের মুখে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ মাস্ক ছিল বলেও জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত