নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামী সন্তানকে খুঁজতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ফতুল্লার মুসলিমনগরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন।
এ মামলায় ফতুল্লা শাসনগাঁও এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে নৈশপ্রহরী নুরুল ইসলাম (৬৫), নরসিংপুর এলাকার লাল মিয়ার ছেলে চা দোকানি আইনুল মিয়া (২২) ও মুসলিমনগর কাওয়াপাড়া এলাকার অক্ষয় মহন্তর ছেলে রিকশাচালক রাজ বল্লভ (৬২) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা-পুলিশ।
মামলার এজাহারের বরাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন দেশ রূপান্তরকে জানান, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে অভিমান করে তার স্বামী ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। এরপর দুই দিন আর বাসায় ফিরে না আসায় বৃহস্পতিবার রাতে ওই নারী তার ইজিবাইক চালক স্বামীকে খুঁজতে মুসলিমনগর এলাকায় ইজিবাইক রাখার এক গ্যারেজে যান। সেখানে স্বামী ও সন্তানকে না পেয়ে বাসায় ফেরার পথে চারজন গৃহবধূকে আটক করে নরসিংহপুর প্রাইমারি স্কুলের পেছনে নিয়ে যায় এবং সেখানে পর্যায়ক্রমে তিনজন ওই নারীকে ধর্ষণ ও একজন শ্লীলতাহানি করে। এরপর ধর্ষণের ঘটনা কাউকে না বলতে হুমকি দিয়ে গৃহবধূকে তাড়িয়ে দেয়।
ওসি জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অজ্ঞাত আরেকজন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্তর জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে।
