সিন্ডিকেট করে সারের দাম বাড়ানোয় পাঁচ ব্যবসায়ীর জরিমানা

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১১:২১ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে কৃত্রিম সংকট তৈরি করে সার ও কীটনাশকের দাম বাড়ানোর অভিযোগে পৃথক অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা ও সারবোঝাই ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃত্রিম সংকট ও সিন্ডিকেটের মাধ্যমে সারের দাম বাড়িয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে অভিযান চালিয়ে মেসার্স আঁখি, মেসার্স হোসেন, শাকিব ট্রেডার্স, ভিকনী চারমাথার মেসার্স সুরমা ও আকাশ ট্রেডার্সকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় লাইসেন্স না থাকায় কৃষি বিভাগ গোপীনাথপুর বাজারের চিশতিয়া ট্রেডার্স সিলগালা করে দেয় এবং গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মুক্তা, রিপা ও ওহাব ট্রেডার্সের সারবোঝাই দুটি ট্রাক জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়। সেই সঙ্গে সারের দাম বেশি নেওয়ায় অভিযোগকারী কৃষকের ১ হাজার ৩৬০ টাকা ফেরত দেওয়া হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আক্তার হোসেন উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত