যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হয়েছেন। জো বাইডেনের রানিংমেট কমলা হ্যারিস প্রথম মহিলা ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন।
বাইডেনের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হলিউড তারকারা। মাইলি সাইরাস লিখেছেন, ‘আজ আমেরিকায় পার্টি হবে।’ কণ্ঠশিল্পী শাকিরা লিখেছেন, ‘বাইডেনের জয়ে এই নতুন করে পথ চলা উদ্যাপন করছি সন্তানদের সঙ্গে।’ হাত উঁচু করে রাখা ইমোজি দিয়ে সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করেছেন জেনিফার অ্যানিস্টন। ক্রিস ইভানস ট্রাম্পের একটি টুইট শেয়ার করে লিখেছেন, ‘না আপনি জিতেননি, আপনি হেরেছেন।’
কৃষ্ণাঙ্গ হিসেবে সেরা অভিনেত্রীর অস্কারজয়ী হ্যালি বেরি লিখেছেন, ‘গণতন্ত্রের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত হলো। কমলা হ্যারিসের জয় সারা বিশ্বের নারীদের জন্য অনুপ্রেরণার।’
কমলা হ্যারিসের সঙ্গে একটি ছবি শেয়ার করে অস্কারজয়ী হলিউড তারকা গিনেথ প্যালট্রো লিখেছেন, ‘এই মুহূর্তটা বিশ্বের সমস্ত নারীদের উদ্যাপনের। এভাবেই আমরা একটু একটু করে সব ক্ষেত্রে জয়ী হব।’
ছোট পর্দার জনপ্রিয় মুখ এলেন ডিজেনারেস লিখেছেন, ‘এক নির্বাচন কতগুলো ইতিহাস লিখে দিল। প্রেসিডেন্ট জো বাইডেন ও ম্যাডাম ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন।’
বাইডেনের সঙ্গে একটি ছবি শেয়ার করে অস্কারজয়ী সংগীতশিল্পী লেডি গাগা লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ সারা বিশ্বকে দেখিয়ে দিল, কীভাবে সাহস আর উদারতাকে জয়ী করতে হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টকে আর কিচ্ছু না, কেবলই ভালোবাসা।’
লরা ডার্ন লিখেছেন, ‘আবারও মার্কিন রাজনীতিতে একে অপরকে শোনার সংস্কৃতি, নেতৃত্ব, ঔদার্য্য, সভ্যতা, সমতা আর অধিকার ফিরে এসেছে।’
শার্লিজ থেরন লিখেছেন, অবশেষে তিনি একজন মা হিসেবে তার সন্তানদের বলতে পারবেন, তাদের দেশের নাগরিক ঘৃণার বদলে ভালোবাসা আর সহিষ্ণুতাকে বেছে নিয়েছে।
নাটালি পোর্টম্যান লিখেছেন, ‘যারা জো বাইডেন ও কমলা হ্যারিসকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কমলা দক্ষিণ এশিয়ান, আমেরিকান কৃষ্ণাঙ্গ নারী। তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার চেয়ে দুর্দান্ত কিছু এই মুহূর্তে হতেই পারে না। আমরা আবার বুকভরে নিশ্বাস নিতে পারব। আমাদের সন্তানেরা ভালোবাসা আর মানুষ হিসেবে সবার সমান অধিকার নিয়ে বড় হবে।’
এছাড়াও কেটি পেরি, মাইলি সাইরাস, ম্যাডোনা, টম হ্যাঙ্কস, রিটা উইলসন, ডেমি মুর, আরিয়ানা গ্রান্ডে, বিয়ন্সে সহ অসংখ্য হলিউড তারকা বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন।
