পর্যটকদের হাতছানি দিচ্ছে বাঁশখালী ইকোপার্ক

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১২:০১ পিএম

দক্ষিণ চট্টগ্রামের পর্যটন স্পট বাঁশখালী ইকোপার্ক। বিশাল এলাকাজুড়ে আঁকাবাঁকা লেক, সবুজ বনানী, দৃষ্টিনন্দন লেক সব মিলিয়ে প্রাকৃতিক এ পার্ক।

করোনার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ১ নভেম্বর থেকে পার্ক খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়েছে বলে জানালেন বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জমান শেখ।

তিনি বলেন, বাঁশখালী ইকোপার্ক দীর্ঘদিন বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ হতে পার্কে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়।

বাঁশখালী ইকোপার্ক ২০০৩ সাল থেকে নব-রুপায়ণের কারণে সারাদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠে।

এ ছাড়া বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আওতায় পার্কটি উন্নয়নের জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করায় পর্যটকদের কাছে দিন দিন আকর্ষণীয় উঠে।

তবে পার্কে যাতায়াতের রাস্তাটি অনেক সরু হওয়ায় গাড়ি চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। পার্কে উন্নত মানের কোনো খাবার দোকান না থাকায় খাবার নিয়ে না আসা পর্যটকদের বিড়ম্বনা হয়।

এদিকে পার্ক খুলে দেওয়া হলেও এখানে স্বাস্থ্যবিধির নানা ধরনের সিদ্ধান্তসহ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পার্কটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

বাঁশখালী ইকোপার্ক ইজারাদার কায়েশ সরোয়ার সুমন বলেন, সরকারের সকল নির্দেশনা মেনে পার্ক খুলে দেওয়া হচ্ছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তাসহ আন্তরিক সেবা প্রদান নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জমান শেখ বলেন, পার্কের উন্নয়নে বর্তমানে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, করোনার কারণে সব কার্যক্রম বন্ধ ছিল। হয়তো দেশের সব পরিস্থিতি স্বাভাবিক হলে কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আরও আধুনিক করা হবে পার্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত