রাজধানীর খিলক্ষেতে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া খিলক্ষেত থানার উপ পরিদর্শক (এসআই) মো. সজীব হোসেন জানান, বিকেলে কমলাপুরগামী একটি চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যায় ওই যুবক। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, যুবকের মৃতদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। তার নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে ছিল জিনস প্যান্ট ও ফুল হাতা গেঞ্জি।
