সাতক্ষীরায় প্রতিবেশীর হামলায় গৃহবধূর মৃত্যু

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ০২:১৭ পিএম

সাতক্ষীরার দেবহাটার মাঘরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় ষাটোর্ধ্ব এক গৃহবধূর মৃত্যু ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, পূর্ববিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনায় রোকেয়া বেগম, তার স্বামী আব্দুস সামাদ (৬৮), ছেলে শফিকুল ইসলাম (২৭) ও পুত্রবধূ আরিফা খাতুনকে (১৯) পিটিয়ে জখম করেন প্রতিপক্ষ প্রতিবেশী আব্দুস সালাম ও তার দুই ছেলে সবুজ এবং ইমরোজ, ভাই জামাত আলী ও ভাইপো ইমাদুল ইসলাম।

পরে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা রোকেয়া বেগমসহ তার পরিবারের আহত চার সদস্যকে সখীপুরে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

ওই দিনই গুরুতর আহত রোকেয়া বেগমের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আহতদের মধ্যে রোকেয়ার শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান।

রোকেয়া বেগমের লাশটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত