দৌলতদিয়াতে নদী পারের অপেক্ষায় ৩ শতাধিক ট্রাক

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ০৩:১৮ পিএম

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বড় ফেরি না চলার কারণে এবং পদ্মায় নাব্য সংকটে পণ্যবাহী ট্রাকের চাপ বেড়েছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে।

নদী পারের জন্য ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে অবস্থান করতে হচ্ছে চালক ও শ্রমিকদের। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

তবে যাত্রীবাহী বাস বা ছোট গাড়ির কোনো সিরিয়াল নেই। ঘাট এলাকাতে কোনো যাত্রীবাহী বাস বা ছোট গাড়ি নদী পারের জন্য আসলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের নদী পার করে দিচ্ছে ঘাট কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে নদী পারের জন্য অপেক্ষা করছে প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।

অপরদিকে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় হতে রাজবাড়ীর দিকে প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক নদী পারের জন্য অপেক্ষা করছে।

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কোনো পাবলিক টয়লেট, খাবার হোটেল ও পানির ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়েছে পণ্যবাহী ট্রাকের চালক ও শ্রমিকেরা। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

নদী পারের অপেক্ষায় থাকা একাধিক ট্রাক চালক বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কোনো টয়লেট, পানি নেই। এমনকি খাবার হোটেলও নেই। অথচ আমাদেরকে এখানেই থাকতে বাধ্য করছে। দৌলতদিয়া টার্মিনালে থাকতে দিলে অন্তত আমরা গোসল, খাওয়া-দাওয়াটা ঠিকমতো করতে পারতাম।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের বড় ফেরিগুলো চলছে না। যার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে অতিরিক্ত কিছু পণ্যবাহী ট্রাকের চাপ বেড়েছে। তবে যাত্রীবাহী কোনো বাস ও ছোট গাড়ির চাপ নেই।

বর্তমান এই নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত