রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে নির্যাতনে পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এএসপি) মোহাম্মদ আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
বুধবার দুপুরে পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ এক বার্তায় এ তথ্য জানায়।
এতে বলা হয়, এএসপি আনিসুল করিম শিপনের মৃত্যুর ঘটনা তদন্তে আইজিপির নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে বলেও পুলিশ সদরদপ্তর জানায়।
গত সোমবার সকালে আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের কর্মচারীদের নির্যাতনে সিনিয়র এএসপি আনিসুল করিম নিহত হন।
এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে সাত দিনের রিমান্ডে নিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
