যানবাহনে উঠলে অনেকে অস্বস্তিতে ভোগেন। ঠাণ্ডা ঘাম হতে থাকে এবং শেষে বমি হয়। এসব উপসর্গ হলো মোশন সিকনেস বা গতিজনিত অসুস্থতা। গতি থামলেই আবার অসুস্থতা কমে যায়। যত ভ্রমণ বাড়তে থাকে তত গতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সুবিধা হয়। ভ্রমণের আগে আপনি যদি একটি পরিকল্পনা করেন তাহলে আপনি ভ্রমণ উপভোগ করতে পারবেন।
ভ্রমণের আগে সুবিধামতো সিট রিজার্ভ করে নিন। যদি লঞ্চে ভ্রমণ করেন, তবে লঞ্চের অগ্রভাগে বা মধ্যভাগে আসন বা কেবিন নিন কিংবা ওপরের ডেকে অবস্থান করুন। যদি ট্রেনে হয়, জানালার পাশে একটি সিট নিন। ট্রেন যেদিকে চলেছে সেদিকে মুখ ফিরিয়ে বসুন। যদি বাস বা গাড়ি হয় তবে সামনের দিকের সিটে বসুন।
আপনি যদি মোশন সিকনেসে ভোগেন তাহলে দূর-দিগন্তে কিংবা দূরবর্তী কোনো বস্তুর দিকে তাকান, বই পড়তে যাবেন না। মাথাটা সিটে এলিয়ে রাখুন। ধূমপান থেকে বিরত থাকুন বা ধূমপায়ীদের থেকে দূরে থাকুন।
যাত্রাকালে বেশি মসলাযুক্ত এবং তৈলাক্ত খাবার খাবেন না। কিছু অ্যান্টিহিস্টামিন যেমন (মেক্লিজিন বা ডাইমেনহাইড্রিনেট ৩০-৬০ মিনিট আগে খেয়ে নিতে পারেন। তবে এতে ঘুম ঘুম ভাব আসতে পারে।
ভ্রমণের আগে কানের পেছনে স্কোপোলামিন প্যাচ লাগিয়ে নিন। এটা ব্যবহারের আগে অবশ্যই অ্যাজমা, গ্লুকোমা ও প্রস্রাবজনিত সমস্যার রোগীদের সতর্ক হতে হবে।
মচমচে শুকনো খাবার খান, পান করতে পারেন কার্বোনেটেড তরল পানীয়। উপকার পাবেন।
