সাতক্ষীরায় ব্যতিক্রমী রায়

মাদক মামলায় দন্ডিত আসামি বাড়িতে থাকবে ৫ শর্তে

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১০:৫২ পিএম

সাতক্ষীরায় মাদক মামলায় এক বছর সাজাপ্রাপ্ত আসামি হাসান আলী সরদারকে (২৫) কারাগারে না পাঠিয়ে বাড়িতে প্রবেশনে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছে আদালত। তবে এ সময় তাকে পাঁচটি শর্ত পালনের আদেশ দেওয়া হয়েছে।

সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক ইয়াসমিন নাহার গত মঙ্গলবার এ আদেশ দেন। আসামি হাসান আলী সরদার সদর উপজেলার ভাদড়া গ্রামের রজব আলী সরদারের ছেলে।

আসামিপক্ষের আইনজীবী এটিএম ফখরুল আলম জানান, মাদক মামলার রায়ে তিন কেজি গাঁজা রাখার অপরাধ প্রমাণিত হয়। আদালত আসামি হাসান আলী সরদারকে এক বছরের প্রবেশন দিয়েছে। তবে তাকে পাঁচটি শর্ত মানতে হবে।

শর্তগুলো হলো কোনো ধরনের মাদক বা নেশাজাতীয় দ্রব্য সেবন করবে না, খারাপ সঙ্গীর সঙ্গে মিশবে না, প্রবেশনকালে ১০টি গাছ রোপণ করতে হবে, বাবা-মায়ের সেবা করতে হবে, সপ্তাহে কমপক্ষে এক দিন মাদকের বিরুদ্ধে প্রচার চালাতে হবে। প্রচারের সময় কী কী উল্লেখ করতে হবে তাও রায়ে উল্লেখ করা হয়েছে। শর্ত ভঙ্গ করলে তাকে আবার কারাগারে যেতে হবে বলে আদেশ দেয় আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত